
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তেলের দাম কমে দাঁড়িয়েছে ৯৩ দশমিক ৫০ ডলারে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত দাম কমেছে প্রায় ২০ শতাংশ। খবর রয়টার্সের।
শুক্রবার পর্যন্ত এই দরপতন অব্যাহত থাকলে ২০২০ সালের এপ্রিলের পর এটিই হবে তেলের দামে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।
বিশ্লেষকদের ধারণা, নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনা বেড়েছে। এতে তেলের দাম আরও কমতে পারে।
তেলের দাম কমার ইতিবাচক প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের শেয়ারবাজারে। যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ সূচক বেড়েছে ১ দশমিক ৬ শতাংশ। ইউরোপের শেয়ারবাজারও পৌঁছেছে দুই মাসের সর্বোচ্চ অবস্থানে।
অন্যদিকে, এশিয়ার বাজারে চিপ ও ডেটা সেন্টার কোম্পানিগুলোর শেয়ারে বড় দরপতন দেখা গেছে। তবে এ অঞ্চলের বেশির ভাগ শেয়ারবাজারে দাম বেড়েছে।
এশিয়ার প্রযুক্তি খাতের শেয়ারে দরপতনের মধ্যে দক্ষিণ কোরিয়ার কসপি সূচক কমেছে ৪ শতাংশ। তাইওয়ানের শেয়ারবাজার কমেছে ১ দশমিক ৮ শতাংশ এবং জাপানের নিক্কেই সূচক কমেছে শূন্য দশমিক ৫ শতাংশ।
বিশ্লেষকদের মতে, এআই, ডেটা সেন্টার ও চিপের চাহিদা দীর্ঘ মেয়াদে কমবে না। তবে এসব খাতের সম্প্রসারণ সাময়িকভাবে ধীর হতে পারে।
তথ্যসূত্র: যমুনা টিভি



