জানুয়ারির প্রথম তিন দিনেই ২৮ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স, বেড়েছে ৩৭ শতাংশ

চলতি বছরের জানুয়ারির প্রথম তিন দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৮ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার ৫১৩ কোটি ৬০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
রোববার (৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
তিনি বলেন, গত বছরের জানুয়ারির প্রথম তিন দিনে প্রবাসী আয় এসেছিল ২১ কোটি ডলার। সে হিসাবে এবার একই সময়ে রেমিট্যান্স ৩৭ দশমিক ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এদিকে চলতি অর্থবছরের শুরু থেকে অর্থাৎ ১ জুলাই থেকে ৩ জানুয়ারি পর্যন্ত মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ৬৫৫ কোটি ৩০ লাখ ডলার। গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১ হাজার ৩৯৮ কোটি ৭০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং প্রণোদনার সুফলেই এই প্রবৃদ্ধি হয়েছে বলে মনে করা হচ্ছে।
তথ্যসূত্র: যুগান্তর



