
টানা ঊর্ধ্বগতির পর হঠাৎ বড় ধরনের দরপতন দেখা দিয়েছে স্বর্ণের দামে। একদিনেই বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে প্রায় ৮ দশমিক ২২ শতাংশ, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড় পতন হিসেবে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ২টা ৩০ মিনিটে স্পট গোল্ডের দাম নেমে আসে প্রতি আউন্স ৪ হাজার ৮৯০ ডলারে। এর আগের দিন এই দাম ছিল প্রায় ৫ হাজার ২০০ ডলার। এরও আগে বৃহস্পতিবার সকালে স্বর্ণের দাম ৫ হাজার ৫৫০ ডলারের ওপরে উঠে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড গড়েছিল।
মাত্র দুই দিনের ব্যবধানে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে প্রায় ৬৬০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮০ হাজার ৫০০ টাকার বেশি। খাত সংশ্লিষ্টদের মতে, এ দরপতন বাজারে বড় ধরনের অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।
কেন হঠাৎ পতন?
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ন্যাটোর মধ্যে গ্রিনল্যান্ড ইস্যু, ইরান ও মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে সাম্প্রতিক সময়ে স্বর্ণের দাম দ্রুত বাড়ছিল। তবে রেকর্ড দামের সুযোগে বিনিয়োগকারীদের লাভ তুলে নেওয়া (প্রফিট বুকিং) এবং মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের দর কমার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
দেশের বাজারেও বড় প্রভাব
বিশ্ববাজারের দরপতনের প্রভাব পড়েছে দেশের বাজারেও। মাত্র দুই দিনের ব্যবধানে ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে ৩০ হাজার টাকার বেশি। স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা দাম কমানোর ঘোষণা দিয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দাম শনিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে কার্যকর হবে। বাজুসের মতে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও দাম সমন্বয় করা হয়েছে।
দেশের বাজারে স্বর্ণের নতুন দাম
- ২২ ক্যারেট: ভরি ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা
- ২১ ক্যারেট: ভরি ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা
- ১৮ ক্যারেট: ভরি ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা
- সনাতন পদ্ধতি: ভরি ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা
রুপার দামও কমেছে
স্বর্ণের সঙ্গে রুপার দামও কমানো হয়েছে-
- ২২ ক্যারেট রুপা: ভরি ৭ হাজার ২৯০ টাকা
- ২১ ক্যারেট: ভরি ৬ হাজার ৯৪০ টাকা
- ১৮ ক্যারেট: ভরি ৫ হাজার ৯৪৯ টাকা
- সনাতন পদ্ধতি: ভরি ৪ হাজার ৪৩২ টাকা
রেকর্ড দামের পর বড় পতন
উল্লেখ্য, গত সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম দ্রুত বাড়তে থাকায় দেশের বাজারেও একধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা দাম বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এত বড় অঙ্কে একবারে স্বর্ণের দাম বাড়ানোর ঘটনাও আগে দেখা যায়নি।
তথ্যসূত্র: কালবেলা



