অর্থ ও বানিজ্য
প্রধান খবর

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনারের পদত্যাগ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদসহ চার কমিশনার পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৪ জুন) তারা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে নিজেদের পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী কমিশনাররা হলেন- খন্দকার রাশেদ মাকসুদ, মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন।

দীর্ঘদিন ধরে দেশের পুঁজিবাজারে অস্থিরতা, বিনিয়োগকারীদের অসন্তোষ এবং কমিশনের অভ্যন্তরীণ নানা জটিলতা নিয়ে আলোচনা চলছিল। এরই মধ্যে কমিশনের শীর্ষ নেতৃত্বের এই পদত্যাগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান খন্দকার রাশেদ মাকসুদ। একই বছরের ২ জুন কমিশনার হিসেবে নিয়োগ পান মু. মহসীন চৌধুরী। পরে ২৮ আগস্ট মো. আলী আকবর, ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ এবং ২০২৫ সালের ২৯ জুলাই মো. সাইফুদ্দিন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।

অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীরাও বিভিন্ন সময়ে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচির মাধ্যমে চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে আসছিলেন।

তবে পদত্যাগের বিষয়ে কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button