
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার গাবতলী উপজেলার মগার মোড় ও তেঁতুলগাছি এলাকায় দুটি দই কারখানায় অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মগার মোড় এলাকার দুই ভাই দই ঘরকে বিভিন্ন অনিয়মের কারণে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখসহ যথাযথ লেবেল ব্যবহার না করা, নিজ প্রতিষ্ঠানের নামের পরিবর্তে অন্য প্রতিষ্ঠানের নামের মোড়ক ব্যবহার এবং ঘোষণা ছাড়াই গুঁড়া দুধ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
অন্যদিকে, তেঁতুলগাছি এলাকার লতিফ মিয়া নামের এক ব্যক্তিকে ট্রেড লাইসেন্স ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দই উৎপাদনের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে আইন ও বিধি অনুযায়ী কারখানা দুটির উৎপাদন কার্যক্রম পরিচালনার পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যে ট্রেড লাইসেন্স ও বিএসটিআইয়ের প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।



