
দেশজুড়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার (২৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬৪ জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪৫ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, বরিশালে ১১৪ জন, খুলনায় ৫০ জন, ময়মনসিংহে ৫১ জন, রাজশাহীতে ৬৬ জন, রংপুরে ১৬ জন এবং সিলেট বিভাগে পাঁচজন নতুন রোগী ভর্তি হয়েছেন।
একই সময়ে সারাদেশে ৯০৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৮ হাজার ৪২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৬৫ হাজার ৩১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭৫ জনের।
পূর্ববর্তী বছরের তুলনায় এবার আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কম। ২০২৪ সালে সারাবছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। ২০২৩ সালে একই সময়ে আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা গিয়েছিলেন এক হাজার ৭০৫ জন।



