স্বাস্থ্য
প্রধান খবর

জেলা হাসপাতালে ১০ ও মেডিকেল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ

দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫০টি করে ডায়ালাইসিস মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ‘বিশ্ব হার্ট দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের আমলে চিকিৎসা খাতের উন্নয়নে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ওই সময়ে যেসব মেশিন আনা হয়েছিল, সেগুলোও ব্যবহার অযোগ্য বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, শুধু লক্ষ-কোটি টাকা ব্যয় করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারই প্রথম স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার। দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর ফলে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ কিছুটা কমবে বলে প্রত্যাশা করেন তিনি।

সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, বেশিরভাগ সময় মানুষ বুকের ব্যথাকে গ্যাসের ব্যথা মনে করে অবহেলা করেন। তবে যেকোনো ধরনের বুকের ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

হৃদরোগের ঝুঁকি কমাতে ধূমপান, তামাক, অতিরিক্ত লবণ ও প্রসেসড ফুড এড়িয়ে চলার পাশাপাশি নিয়মিত ব্যায়ামের অভ্যাস গড়ে তোলার পরামর্শ দেন চিকিৎসকরা।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button