স্বাস্থ্য
প্রধান খবর

অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিলে সিসা, মান যাচাইয়ের কার্যকর ব্যবস্থা নেই

বাংলাদেশে তৈরি অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিলসহ রান্নার পাত্র নিরাপদ বা স্বাস্থ্যসম্মত কি না, তা যাচাইয়ের কার্যকর কোনো ব্যবস্থা নেই। এমনকি সারাদেশের বাজারে থাকা এসব পণ্যের মানও নিয়মিত পরীক্ষা করা হয় না। ফলে এসব পাত্র তৈরিতে ব্যবহৃত ধাতুতে কিংবা তৈরি পণ্যে বিষাক্ত সিসা রয়েছে কি না, তা অনেক ক্ষেত্রেই অজানা থেকে যাচ্ছে।

আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইসিডিডিআরবি ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র থেকে ভাত ও খিচুড়িতে বিষাক্ত সিসা মিশে যাওয়ার তথ্য উঠে এসেছে। এরপর খোঁজ নিয়ে জানা গেছে, এসব পাত্র তৈরিতে ব্যবহৃত ধাতু কিংবা তৈরি রান্নার পাত্রে সিসার উপস্থিতির বিষয়ে কার্যত কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই।

আইসিডিডিআরবি বলছে, সিসা একটি বিষাক্ত ধাতু, যা শিশুদের মস্তিষ্কের বিকাশে দীর্ঘমেয়াদি ক্ষতি করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, রক্তে সিসার এমন কোনো মাত্রা নেই, যা নিরাপদ বলে বিবেচিত হতে পারে।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সমন্বয়ে অ্যালুমিনিয়ামের রান্নার পাত্রের মান নির্ধারণের বিষয়টি সময়সাপেক্ষ। তবে এ নিয়ে কাজ চলছে।

অন্যদিকে বাজারে থাকা পণ্যের মান যাচাইয়ের দায়িত্বে থাকা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বলছে, এসব পণ্য উৎপাদনকারী অনেক প্রতিষ্ঠানই ব্যবহৃত কাঁচামাল মানসম্মত কি না কিংবা পণ্যে ভারী ধাতু রয়েছে কি না, তা বোঝে না।

বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চল অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র তৈরির সবচেয়ে বড় কেন্দ্র। চট্টগ্রাম অ্যালুমিনিয়াম শিল্প মালিক সমিতির সভাপতি হারুনুর রশিদও কারখানাগুলোতে মান যাচাইয়ের ব্যবস্থা না থাকার বিষয়টি স্বীকার করেছেন।

বিবিসি বাংলাকে তিনি বলেন, “এটি সত্যি যে বেশিরভাগ কারখানাতেই মান যাচাইয়ের কোনো ব্যবস্থাই নেই। এটি পুরো ইন্ডাস্ট্রির সমস্যা। সরকারসহ সবাই মিলে কাজ করে এ সমস্যার সমাধান করতে হবে।”

Mushfiqul Alam/NurPhoto via Getty Images

গবেষণায় কী এসেছে

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেছেন, অ্যালুমিনিয়ামের পাত্র থেকে সিসা খাবারে মিশতে পারে-এ কারণে অনেক দিন ধরেই এসব পাত্র ব্যবহার না করার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

তবে বাস্তবে বাংলাদেশের গৃহস্থালি থেকে শুরু করে অসংখ্য খাবারের দোকানে রান্নার কাজে অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিলসহ বিভিন্ন ধরনের পাত্র ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে।

আইসিডিডিআরবি ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, স্থানীয়ভাবে তৈরি অ্যালুমিনিয়ামের রান্নার হাঁড়ি থেকে খাবারে সিসা মিশতে পারে। বিশেষ করে নতুন পাত্র প্রথম কয়েকবার ব্যবহারের সময় খাবারে সিসার পরিমাণ বেশি পাওয়া গেছে বলে জানিয়েছে আইসিডিডিআরবি।

সংস্থাটি বলছে, বাংলাদেশে পুরোনো অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিলের বদলে নতুন পাত্র কেনা কিংবা পুরোনো কাপড়ের সঙ্গে এসব পাত্র বিনিময়ের প্রচলন রয়েছে। গবেষণার ফলাফল থেকে বোঝা যায়, নতুন বা দেখতে চকচকে হলেই কোনো রান্নার পাত্র নিরাপদ—এমনটি ভাবার সুযোগ নেই।

আইসিডিডিআরবি এক বিজ্ঞপ্তিতে বলেছে, “স্থানীয়ভাবে তৈরি অনেক অ্যালুমিনিয়ামের পাত্র পুরোনো স্ক্র্যাপ ধাতু গলিয়ে তৈরি করা হয়। এসব ধাতু ঠিকভাবে পরীক্ষা না করলে তৈরি পাত্রে সিসা থেকে যেতে পারে।”

স্ক্র্যাপ ধাতু কারখানাগুলোতে যথাযথভাবে পরীক্ষা করার ব্যবস্থা আছে কি না, জানতে চাইলে হারুনুর রশিদ বলেন, “না, এমন যাচাইয়ের কোনো প্রক্রিয়া নেই। অ্যালুমিনিয়াম মেটাল রিসাইকেল করা হয়। লেড বা ক্ষতিকর কিছু আছে কি না, তা যাচাইয়ের কোনো সিস্টেম নেই।”

চট্টগ্রাম অ্যালুমিনিয়াম শিল্প মালিক সমিতির সাবেক সভাপতি একরামুল হক বিবিসি বাংলাকে বলেন, “বড় কিছু প্রতিষ্ঠান এগুলো যাচাই করে থাকে। কিন্তু বহু প্রতিষ্ঠান অ্যালুমিনিয়াম তৈরিতে জাহাজের ক্ষতিকর স্ক্র্যাপ ব্যবহার করে থাকে। ছোট অনেক প্রতিষ্ঠান কোনো কিছু মেইনটেইন করে না। এগুলোর খোঁজখবর নেওয়ারও কেউ নেই।”

যেভাবে পরীক্ষা করা হয়েছে পাত্রগুলো

আইসিডিডিআরবি ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাটি ন্যাচার সাময়িকীর জার্নাল অব এক্সপোজার সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল এপিডেমিওলজিতে প্রকাশিত হয়েছে। এতে স্থানীয়ভাবে তৈরি অ্যালুমিনিয়ামের পাত্রে রান্না করা খাবারে কী পরিমাণ সিসা মিশতে পারে, তা পরীক্ষা করা হয়েছে।

আইসিডিডিআরবি জানিয়েছে, গবেষকেরা বাংলাদেশের বিভিন্ন পরিবার থেকে সংগ্রহ করা সাতটি ব্যবহৃত পাত্র এবং বাজার থেকে কেনা ২০টি নতুন পাত্র পরীক্ষা করেছেন। প্রথমে পাত্রগুলোর ধাতুতে সিসার উপস্থিতি ও পরিমাণ যাচাই করা হয়।

এরপর পাত্রগুলো গরম করে তাতে ভাত ও খিচুড়ি রান্না করা হয়। পরে পরীক্ষাগারে বিশেষ পদ্ধতিতে পানি ও রান্না করা খাবারে সিসার পরিমাণ মাপা হয়।

আইসিডিডিআরবির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “গবেষণায় পরীক্ষা করা প্রতিটি পাত্র থেকেই খাবারে সিসা নির্গত হয়েছে, তা নতুন হোক আর পুরোনো পাত্র হোক। নতুন পাত্রে প্রথমবার রান্নার সময় প্রতি কেজি সাদা ভাতে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম ও খিচুড়িতে সর্বোচ্চ ৪২০ মাইক্রোগ্রাম সিসা পাওয়া গেছে।”

প্রসঙ্গত, শিশু ও ছোট বাচ্চাদের খাবারে সিসার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) নির্ধারিত সীমা প্রতি কেজিতে ১০ মাইক্রোগ্রাম।

আইসিডিডিআরবি বলছে, পাত্র থেকে কী পরিমাণ সিসা খাবারে মিশবে, তা নির্ভর করে পাত্রটি কীভাবে পরিষ্কার করা হচ্ছে, তার ওপর।

সংস্থাটি জানায়, নতুন পাত্র স্টিলের তারের মাজুনি দিয়ে পরিষ্কার করলে, না ঘষে ব্যবহারের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি সিসা খাবারে মিশেছে। ধাতব খুন্তি দিয়ে খাবার নাড়লেও সিসা মেশার পরিমাণ বেড়েছে।

গবেষকদের মতে, এ ধরনের পাত্রে রান্না করা ভাত খেলে একটি শিশু খাবারের মাধ্যমে দৈনিক সিসা গ্রহণের ক্ষেত্রে এফডিএ নির্ধারিত মাত্রার চেয়ে পাঁচ গুণেরও বেশি সিসা গ্রহণ করতে পারে।

আইসিডিডিআরবির এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ওয়াশ বিভাগের বিজ্ঞানী ড. জেসমিন সুলতানা সংস্থাটির বিজ্ঞপ্তিতে বলেন, “এসব পাত্র ব্যবহার করতে হলে স্টিলের তারের স্ক্রাবার দিয়ে ঘষা এড়িয়ে চলা উচিত এবং তাতে টক বা অম্লীয় খাবার রান্না না করাই ভালো। এসব সতর্কতাও দূষিত পাত্রকে পুরোপুরি নিরাপদ করে না।”

একই বিজ্ঞপ্তিতে আইসিডিডিআরবির এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ওয়াশ বিভাগের প্রকল্প সমন্বয়ক ড. মো. মাহবুবুর রহমান বলেন, “আমরা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে রান্নার পাত্র থেকে খাবারে সিসা মিশে যাওয়ার বিষয়ে স্পষ্ট নিরাপত্তা মান নির্ধারণের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে রান্নার পাত্রের জন্য সিসা-সংক্রান্ত নিরাপত্তা মান তৈরির অনুরোধ করছি।”

মান নির্ধারণ ও নজরদারির উদ্যোগ

বিএসটিআইয়ের পরিচালক মো. আলাউদ্দিন হুসাইন বলেছেন, অ্যালুমিনিয়ামের রান্নার পাত্র উৎপাদনকারী ৩৯টি প্রতিষ্ঠানকে নিয়ে তারা বৈঠক করেও কার্যকর সাড়া পাননি।

বিবিসি বাংলাকে তিনি বলেন, “আমরা দুই দফা মিটিং করেছি। তারা স্বাস্থ্যসম্মত কিংবা হেভি মেটাল আছে কি না, বিষয়গুলো বোঝেও না। তবে আমরা অভিযান শুরু করব। আগে এটি অত্যাবশ্যকীয় পণ্যের তালিকায় ছিল না। এখন এসেছে। সুতরাং একটি নিরাপত্তা মান প্রণয়ন করা হবে।”

অন্যদিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বলেছেন, অ্যালুমিনিয়ামের পাত্র থেকে খাবারে সিসা মিশছে-এটি সত্য। এ কারণে অনেক দিন ধরেই এ ধরনের পাত্র ব্যবহার না করার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

এই বিভাগের অন্য খবর

Back to top button