‘দেশে আইসিইউতে থাকা ৪১ শতাংশ রোগীর মধ্যে অ্যান্টিবায়োটিক কাজ করছে না’

দেশের আইসিইউতে ভর্তি রোগীদের ৪১ শতাংশ কোনো অ্যান্টিবায়োটিকেই সাড়া দিচ্ছে না বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। প্রতিষ্ঠানটির মতে, দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ ক্ষমতা (এএমআর) দ্রুত বিপজ্জনক মাত্রায় পৌঁছাচ্ছে।
সোমবার (২৪ নভেম্বর) আইইডিসিআরের নতুন ভবনে ‘ন্যাশনাল এএমআর সার্ভেলেন্স রিপোর্ট ২০২৫’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। প্রতিবেদন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রফেসর ড. জাকির হোসেন হাবিব।
প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত দেশের ৯৬ হাজার ৪৭৭ রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। পাঁচটি আইসিইউতে ৭১ ধরনের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বিশ্লেষণে দেখা গেছে—বেশ কিছু ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
তথ্যে আরও জানা যায়, প্যান-ড্রাগ-রেজিস্ট্যান্ট (পিডিআর) জীবাণু সব নমুনার ৭ শতাংশ এবং আইসিইউতে ৪১ শতাংশ। মাল্টি-ড্রাগ-রেজিস্ট্যান্ট (এমডিআর) জীবাণু সব নমুনার ৪৬ শতাংশ এবং আইসিইউতে ৮৯ শতাংশ পাওয়া গেছে।
এ সময় হু ওয়াচ-গ্রুপ অ্যান্টিবায়োটিকের ব্যবহার ৭৭ শতাংশ থেকে বেড়ে ৯০.৯ শতাংশে পৌঁছেছে। সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যান্টিবায়োটিক ছিল সেফট্রিয়াক্সোন (৩৩ শতাংশ) এবং মেরোপেনেম (১৬ শতাংশ)।
প্রফেসর হাবিব বলেন, নিয়মহীন ও অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার এএমআরকে চরম ঝুঁকির পর্যায়ে নিয়ে গেছে। এটি এখন দেশের জন্য বড় জনস্বাস্থ্য হুমকি।
তথ্যসূত্র: যুগান্তর



