
আজ বৃহস্পতিবার বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব কিডনি দিবস। প্রতি বছর মার্চের দ্বিতীয় বৃহস্পতিবার দিবসটি পালন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
চলতি বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “সুস্থ কিডনি সকলের তরে, মানুষের যত্নে বাঁচাও ধরণিরে”।
দিবসটি উপলক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)সহ বিভিন্ন সংগঠন সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা কার্যক্রম গ্রহণ করেছে।
এদিকে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল বিশ্ব কিডনি দিবস উপলক্ষে মাসব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছে। এই ক্যাম্পে চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেবেন।
কিডনি রোগের পরিস্থিতি
বিশ্বে প্রায় ৮৫ কোটি মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত। বাংলাদেশে প্রায় ৩ কোটি ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে এ রোগে ভুগছেন।
বিশেষজ্ঞদের মতে, দারিদ্র্য, অসচেতনতা, চিকিৎসা সেবার সীমাবদ্ধতা এবং অস্বাস্থ্যকর জীবনযাপন এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে।
কিডনি রোগের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে-
- ডায়াবেটিস
- উচ্চ রক্তচাপ
- স্থূলতা
- নেফ্রাইটিস
- অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
- ধূমপান
- ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহার
- জন্মগত ও বংশগত কিডনি রোগ
- মূত্রতন্ত্রের সংক্রমণ ও পাথর
বাংলাদেশে প্রতি বছর প্রায় ৪০ হাজার কিডনি রোগী ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। একই সঙ্গে বছরে ৩০ থেকে ৪০ হাজার মানুষের কিডনি বিকল হয়ে যায়। নতুন রোগীদের প্রায় ৮০ শতাংশ প্রয়োজনীয় চিকিৎসার অভাবে বা চিকিৎসা না পাওয়ায় মৃত্যুবরণ করেন।
বর্তমানে কিডনি রোগ বিশ্বে মৃত্যুর কারণ হিসেবে অষ্টম স্থানে রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ২০৪০ সালের মধ্যে এটি মৃত্যুর পঞ্চম প্রধান কারণ হয়ে উঠতে পারে-যা জনস্বাস্থ্যের জন্য বড় উদ্বেগের বিষয়।
সূত্র: কালের কণ্ঠ



