
হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীরা। ছবি: সংগৃহীত
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬২২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬১ জনে। আর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ১৯২ জনে।
গত এক দিনে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের মধ্যে চারজন নারী ও একজন পুরুষ।
নতুন ভর্তি হওয়া ৬২২ জন রোগীর মধ্যে ১৯৯ জন ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায়। এছাড়া ঢাকা বিভাগে ১০৭ জন, ময়মনসিংহে ১৯ জন, চট্টগ্রামে ৯৮ জন, খুলনায় ১৪ জন, রাজশাহীতে ৪৮ জন, রংপুরে ৮ জন এবং বরিশালে ১৩১ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৯৬৫ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ৭২৯ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১ হাজার ২৩৬ জন রোগী ভর্তি আছেন।
চলতি বছরের মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাই মাসে—মোট ৪১ জন। আগস্টে মারা গেছেন ৩৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন, মে মাসে ৩ জন, জুনে ১৯ জন এবং সেপ্টেম্বরের ১৭ তারিখ পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। তবে মার্চ মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
অন্যদিকে, এ বছর হাসপাতালে সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন জুলাই মাসে—১০ হাজার ৬৮৪ জন। আগস্টে ভর্তি হয়েছেন ১০ হাজার ৪৯৬ জন, জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং সেপ্টেম্বরের ১৭ তারিখ পর্যন্ত ভর্তি হয়েছেন ৮ হাজার ৩৩৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর পরিসংখ্যান সংরক্ষণ করা হচ্ছে। এর মধ্যে ২০২৩ সালে সর্বাধিক ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হন এবং ওই বছরই সর্বোচ্চ ১ হাজার ৭০৫ জনের মৃত্যু ঘটে।
