
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবসহ কয়েকজন বিরোধী নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ।
মঙ্গলবার (২১ জুলাই) নয়াদিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে জড়ো হওয়ার পর তাদের আটক করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, রাহুল গান্ধীকে পুলিশ সদস্যরা জোরপূর্বক তুলে নিয়ে যাচ্ছেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, আটক হওয়া বিরোধী নেতাদের মধ্যে রাহুল গান্ধীকে দিল্লির মডেল টাউনের ছত্রসাল স্টেডিয়ামে নেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাকে রাখা হয়েছে মন্দির মার্গ থানায়। এছাড়া অন্যান্য কয়েকজন সাংসদকে কিংসওয়ে ক্যাম্প এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী মন্দির মার্গ থানায় পৌঁছেছেন বলে জানা গেছে।
ছত্রসাল স্টেডিয়াম থেকে কংগ্রেস সাংসদ হিবি ইডেন অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। কিন্তু দিল্লি পুলিশ বলপ্রয়োগ করে বিক্ষোভকারীদের আটক করেছে। তার দাবি, নারী সংসদ সদস্যরাও এ সময় আহত হয়েছেন এবং পুলিশ অত্যন্ত কঠোর ও উসকানিমূলক আচরণ করেছে।
বিরোধী দলগুলোর দাবি, শিক্ষার্থীদের আন্দোলন ও পরীক্ষা-সংক্রান্ত অনিয়মের প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচি দমন করতেই পুলিশ এ পদক্ষেপ নিয়েছে। তবে এ বিষয়ে দিল্লি পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তথ্যসূত্র: বাংলাদেশ টাইমস
