
স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম বাড়ায় সোমবার সকালে ইলন মাস্কের মোট সম্পদ আবারও ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। জুনে প্রথমবার এই মাইলফলক ছোঁয়ার পর শেয়ারবাজার খোলার পর ফের ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হলেন এই প্রযুক্তি উদ্যোক্তা।
ফোর্বসের হিসাবে, সোমবার মাস্কের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১ ট্রিলিয়ন ডলার, যা শেয়ারবাজার খোলা থাকা সর্বশেষ দিন শুক্রবারের তুলনায় ৩০ দশমিক ৬ বিলিয়ন ডলার বেশি। এর ফলে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে তার অবস্থান আরও শক্ত হয়েছে।
দ্বিতীয় স্থানে থাকা অ্যামাজনের প্রধান জেফ বেজোসের সম্পদের পরিমাণ ৩৭১ দশমিক ৫ বিলিয়ন ডলার, যা মাস্কের তুলনায় অনেক কম।
জুনে নাসডাকে স্পেসএক্সের লেনদেন শুরু হওয়ার পর মাস্ক প্রথমবার ট্রিলিয়ন ডলারের সম্পদের মালিক হয়েছিলেন। তবে কয়েক দিনের মধ্যেই স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম কমে যাওয়ায় তিনি সেই মর্যাদা হারান।
সম্প্রতি দুই কোম্পানির শেয়ারের ঊর্ধ্বগতিতে তার সম্পদ আবারও ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছায়। গত সপ্তাহে টেসলার তৃতীয় প্রান্তিকের গাড়ি সরবরাহ বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়িয়ে যাওয়ার পর শুক্রবার একদিনেই মাস্কের সম্পদ ৬১ বিলিয়ন ডলার বেড়েছিল।
সোমবার সকালেও টেসলার শেয়ারের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। স্পেসএক্সের শেয়ারের দাম বেড়েছে আরও বেশি-৫ শতাংশের বেশি। ইস্টার্ন ডেলাইট টাইম অনুযায়ী সকাল সাড়ে ১০টায় স্পেসএক্সের প্রতিটি শেয়ারের দাম ছিল ১৬৭ ডলার। এর পরই মাস্কের সম্পদ আবার ১ ট্রিলিয়ন ডলারের সীমা ছাড়িয়ে যায়।
স্পেসএক্সের শেয়ারের এই উত্থানের পেছনে রয়েছে মর্গান স্ট্যানলির বিশ্লেষকদের মূল্যায়ন-কোম্পানিটির শেয়ারের দাম তুলনামূলক কম ধরা হয়েছে।
এ ছাড়া গত সপ্তাহে স্পেসএক্সের স্টারশিপ প্রথমবারের মতো সফলভাবে কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে।
রোববার মাস্ক ইঙ্গিত দেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৃত্রিম বুদ্ধিমত্তাকে এখন থেকে ‘সুপার ইন্টেলিজেন্স’ বলার দাবির ভিত্তিতে স্পেসএক্সএআইয়ের নাম পরিবর্তন করে ‘স্পেসএক্সএসআই’ করা হবে।
গত সপ্তাহে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও এআই খাতের অন্য নেতাদের সঙ্গে হাজির ছিলেন মাস্ক। সেখানে ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একটি নতুন অ্যাকর্ড বা চুক্তি উন্মোচন করেন।
নথিটিতে দায়িত্বশীলভাবে এআই উন্নয়নের বিষয়ে কিছু নির্দেশনা রয়েছে। তবে ট্রাম্প নিজেই এটিকে কেবল নৈতিকভাবে বাধ্যতামূলক হিসেবে বর্ণনা করেছেন। প্রায় ৩০০ শব্দের এই অ্যাকর্ডে এআই খাতের ওপর উল্লেখযোগ্য কোনো সুরক্ষা কাঠামো বা বিস্তারিত বিধিনিষেধ আরোপ করা হয়নি।
মাস্কের সম্পদ ফের ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছানোর খবরটি এমন সময়ে এসেছে, যখন কয়েক দিন আগে তার সাবেক প্রেমিকা শিভন জিলিস সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, তাকে সম্পর্ক থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি লেখেন, এক সপ্তাহের মধ্যে কোনো আগাম সতর্কতা ছাড়াই ভালোবাসা থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে পৌঁছানো কঠিন, কিন্তু কখনো কখনো এমনই হয়।
মাস্ক ও জিলিসের চার সন্তান রয়েছে। মাস্কের প্রতিষ্ঠান নিউরালিংকের নির্বাহী জিলিস মে মাসে আদালতে সাক্ষ্য দেন, রোমান্টিক সম্পর্কে জড়ানোর আগে তারা কেবল বন্ধু ও সহকর্মী ছিলেন। তাদের প্রথম দুই সন্তান আইভিএফ পদ্ধতিতে নেওয়ার জন্য মাস্ক শুরুতে তাকে শুক্রাণু দান করেছিলেন।
সূত্র: ফোর্বস



