আন্তর্জাতিক খবর
প্রধান খবর

ক্লান্ত ও মানসিক চাপে থাকা নাবিকদের নিয়ে মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিংকন

মধ্যপ্রাচ্যে দীর্ঘ নয় মাসের দায়িত্ব পালন শেষে প্রায় পাঁচ হাজার নৌবাহিনীর সদস্য নিয়ে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন দেশে ফেরার পথে যাত্রা শুরু করেছে। বৃহস্পতিবার জাহাজটি সান দিয়েগোর উদ্দেশে মধ্যপ্রাচ্য ছাড়ে। এর জায়গায় দায়িত্ব নিয়েছে জাপানে অবস্থানরত বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন।

একজন মার্কিন কর্মকর্তা আব্রাহাম লিংকনের মধ্যপ্রাচ্য ত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি মতামতধর্মী নিবন্ধে বিষয়টির ইঙ্গিত দেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। সেখানে তিনি জাহাজটির উদ্দেশে শুভযাত্রা এবং দ্রুত স্বজনদের সঙ্গে পুনর্মিলনের শুভকামনা জানান।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অংশ হিসেবে আব্রাহাম লিংকনকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে জাহাজটির জীবনযাত্রার মান ও নৌসদস্যদের পরিস্থিতি নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। সরবরাহব্যবস্থার নানা সমস্যার কারণে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে।

বিশেষ করে ইরানের হামলায় বাহরাইনের মানামায় অবস্থিত একটি মার্কিন নৌঘাঁটি ধ্বংস হওয়ার পর সরবরাহসংক্রান্ত সংকট আরও প্রকট হয়। ওই ঘাঁটিটি আব্রাহাম লিংকনের জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।

গত বছরের ২১ নভেম্বর সান দিয়েগো থেকে যাত্রা শুরু করেছিল আব্রাহাম লিংকন। এরপর ২৭২ দিনের প্রায় পুরো সময়ই সমুদ্রে কাটিয়েছে জাহাজটি। শুধু ডিসেম্বর মাসে গুয়ামে এবং পরে সরবরাহ নেওয়ার জন্য ওমানে স্বল্প সময়ের জন্য থেমেছিল।

জাহাজটিতে থাকা হাজার হাজার নৌসদস্য দীর্ঘ সময় ধরে বিশ্রামের জন্য পর্যাপ্ত ছুটির সুযোগ পাননি। মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রে ফিরতে তাদের প্রায় ১৩ হাজার মাইল পথ পাড়ি দিতে হবে। এ যাত্রায় চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগতে পারে।

জাহাজটির পরিস্থিতি নিয়ে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা বিভিন্ন প্রতিবেদনের কথা তুলে ধরেছেন। এসব প্রতিবেদনে মৌলিক প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি, পানিদূষণ, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সমস্যা এবং নৌবাহিনীর সদস্যদের মানসিক স্বাস্থ্যের অবনতির কথা উল্লেখ করা হয়েছে।

তবে সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার তার মতামতধর্মী নিবন্ধে এসব সমস্যার অনেকগুলোকে ‘পুরোনো খবর’ হিসেবে উল্লেখ করেছেন।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সেন্ট্রাল কমান্ড আব্রাহাম লিংকনের উদ্দেশে ‘অনুকূল বাতাস ও অনুসরণকারী সমুদ্র’ কামনা করে বিদায় জানায়। এটি পালতোলা জাহাজের যুগ থেকে প্রচলিত একটি ঐতিহ্যবাহী নৌবিদায় সম্ভাষণ।

এদিকে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানিয়েছে, বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। বুধবার থেকেই এটি সেন্ট্রাল কমান্ডের অধীনে কার্যক্রম শুরু করেছে।

বর্তমানে পারস্য উপসাগরের বাইরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রায় ২০টি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এর মধ্যে রয়েছে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটনকে কেন্দ্র করে দুটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, একটি মেরিন এক্সপেডিশনারি ইউনিট বহনকারী উভচর রেডি গ্রুপ এবং একাধিক ডেস্ট্রয়ার।

এসব ডেস্ট্রয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনরায় আরোপ করা ইরানের বন্দর অবরোধ কার্যকর করছে। প্রতিবেদনের সময় ওই অবরোধ ৩৮তম দিনে প্রবেশ করেছে।

তথ্যসূত্র: টিবিএস নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button