
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গাজায় ত্রাণ পৌঁছে দিতে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘটনায় এ পরোয়ানা জারি করা হয়েছে।
তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, একই মামলায় ইসরাইলি নাগরিক আফেক মস্কোভিচের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলাটি ইস্তাম্বুলের ১১তম হাই ক্রিমিনাল কোর্টে চলমান। ২০২৬/১০৮ নম্বর এ মামলায় মোট ৩৫ জন আসামি রয়েছেন, যাদের মধ্যে নেতানিয়াহু ও মস্কোভিচও আছেন।
তুরস্কের বিচার মন্ত্রণালয় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছে। পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।
গুরলেক জানান, গত ১৪ জুলাই নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মামলাটি মূলত আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর কথিত সশস্ত্র অভিযান এবং পরে ফ্লোটিলায় অংশ নেওয়া কর্মীদের আটকের ঘটনাকে কেন্দ্র করে। তুরস্কের তদন্তে ফ্লোটিলাটি জব্দ করা এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা কর্মীদের আটকের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃতভাবে আহত করা, নির্যাতন, সম্পদের ক্ষতিসাধন, গুরুতর ধরনের ছিনতাই এবং পরিবহণযান ছিনতাইয়ের মতো অভিযোগও আনা হয়েছে।
তুরস্কের বিচারমন্ত্রী বলেন, আসামিদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে এবং এ ঘটনায় তুরস্ক প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ চালিয়ে যাবে।
তিনি আরও বলেন, তুরস্ক ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তথ্যসূত্র: সামা টিভি



