আফগানিস্তানে চলমান যুদ্ধ শেষ

আফগানিস্তানে চলমান যুদ্ধ শেষ হয়েছে বলে জানিয়েছে তালেবান। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে জানিয়ে তারা জানায়, তাদের শাসন পদ্ধতি ও কাঠামো শিগগিরই স্পষ্ট করা হবে। খবর রয়টার্সের।
রোববার (১৫ আগস্ট) তালেবানের রাজনৈতিক কার্যালয়ের তালেবান মুখপাত্র মুখপাত্র মোহাম্মদ নাইম একথা জানিয়েছেন।
মোহাম্মদ নাইম বলেন, কোনো কূটনৈতিক কাঠামো কিংবা তাদের কোনো কার্যালয়কে লক্ষ্যবস্তু বানানো হয়নি। সব কূটনীতিক মিশন এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।
তালেবানের এই মুখপাত্র আরও বলেন, আমরা যা চেয়েছিলাম সেই লক্ষে পৌঁছেছি, দেশের স্বাধীনতা ও জনগণের মুক্তি। তালেবান মনে করে না বিদেশি কোনো বাহিনী আফগানিস্তানে তাদের ব্যর্থতার পুনরাবৃত্তি ঘটাবে।
আফগান প্রেসিডেন্ট প্যালেস নিয়ন্ত্রণে নেওয়ার পর এবং মার্কিন সেনারা দেশটির মাটি ছাড়ার পর এমন ঘোষণাই দিল দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাওয়া তালেবান।
কাবুল এয়াপোর্টে যখন হাজার হাজার মানুষ দিশেহারা হয়ে ঘুরছে তখন তাদের কথা না ভেবেই দেশ ছাড়েন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। ফলে তীব্র সমালেচনার মুখে পড়েছেন গানি। যদিও তিনি বলেছেন, রক্তপাত যেন না হয় সেকারণেই দেশ ছেড়েছেন।
চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে আগামী ৩১ আগস্টের মধ্যে সব মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর মে মাস থেকে আফগানিস্তান দখলে অভিযান শুরু করে তালেবানগোষ্ঠী।
তারা অবিশ্বাস্য দ্রুততায় মাত্র আড়াই মাসের মধ্যে দেশের ৩৪টি প্রদেশের ২৮টি দখল করে বর্তমানে কাবুলে অবস্থান করছে। ইতিমধ্যে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি পদত্যাগ করেছেন এবং দেশটিতে একটি অন্তবর্তী সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে চলছে।



