আইন ও অপরাধ
প্রধান খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অভিযুক্ত অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর গ্রেপ্তার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার অভিযুক্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে কোর্ট মার্শাল প্রক্রিয়া সম্পন্নের জন্য তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনা অভ্যুত্থানের সময় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ঘটনার আগের দিন তিনি বিএনপির স্থানীয় নেতাদের মধ্যকার বিরোধ মীমাংসার উদ্দেশ্যে দুই দিনের সফরে চট্টগ্রামে গিয়েছিলেন। সফরের প্রথম দিনের বৈঠক শেষে রাতে সার্কিট হাউসে অবস্থানকালে সেনাবাহিনীর একটি দল সেখানে হামলা চালায় এবং গুলিতে তিনি নিহত হন। পরদিন সকালে রেডিওতে তার মৃত্যুর খবর প্রচার করা হয়।

তদন্ত-সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র ও মামলার বিবরণ অনুযায়ী, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে মেজর মোজাফফর হোসেন ও ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন ছিলেন অন্যতম। অভিযোগ রয়েছে, মেজর মোজাফফর হোসেন জিয়াউর রহমানকে শনাক্ত করে গুলি করেন এবং পরে তৎকালীন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে টেলিফোনে রাষ্ট্রপতির নিহত হওয়ার তথ্য জানান।

হত্যাকাণ্ডের পর সেনাবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে মেজর জেনারেল আবুল মঞ্জুরসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে মঞ্জুর নিহত হন। ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন গ্রেপ্তার হয়ে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। তবে মেজর মোজাফফর হোসেন ও মেজর এস এম খালেদ পালিয়ে যেতে সক্ষম হন।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্রের দাবি, মেজর মোজাফফর হোসেন দীর্ঘ সময় ভারতে আত্মগোপনে ছিলেন। ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন এবং পরবর্তী সময়ে ছদ্মনাম ব্যবহার করে বিভিন্ন স্থানে যাতায়াত করেন। প্রায় ৪৫ বছর আত্মগোপনে থাকার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button