
সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা ছাড়া গ্রেফতার আসামিকে ‘শ্যোন অ্যারেস্ট’ (Shown Arrest) দেখানো যাবে না-হাইকোর্টের দেওয়া এমন আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
বুধবার (২৯ জুলাই) আপিল বিভাগ এ আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টের জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।
এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুনির্দিষ্ট অভিযোগ বা মামলা ছাড়া কাউকে গ্রেফতার করা যাবে না বলে আদেশ দেন। একই সঙ্গে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার না করার বিষয়ে একটি রুল জারি করেন।
আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের ওই আদেশ বহাল থাকলে তদন্ত সংস্থার স্বাধীনভাবে তদন্ত পরিচালনায় বাধা সৃষ্টির আশঙ্কা ছিল। তার ভাষ্য, এ ধরনের বিধিনিষেধ থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকলেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ সীমিত হয়ে যেত।
তিনি আরও জানান, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে নতুন একটি মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে আগামী রোববার শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
তথ্যসূত্র: যমুনা টিভি