আইন ও অপরাধ

শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৩৩ পলাতকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

শাপলা চত্বর হত্যাকাণ্ড

শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক ও বেনজীর আহমেদসহ ৪১ জনের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে পলাতক ৩৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে চিফ প্রসিকিউটর আদালতকে জানান, ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাকাণ্ডে অন্তত ৫৮ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে প্রসিকিউশন।

যাদের বিরুদ্ধে অভিযোগ

আনুষ্ঠানিক অভিযোগে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, বেনজীর আহমেদ, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, হাসান মাহমুদ খন্দকার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, আবদুল জলিল মণ্ডল, শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন, মনিরুল ইসলাম, বিপ্লব কুমার সরকার, সৈয়দ নুরুল ইসলাম, তৎকালীন র‍্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, তৎকালীন র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস) লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, তৎকালীন ডিএমপির বিভিন্ন কর্মকর্তা এবং মতিঝিল থানার তৎকালীন ওসি বিএম ফরমান আলীসহ মোট ৪১ জনকে।

এছাড়া আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, সাংবাদিক ফারজানা রুপা, মোজাম্মেল বাবু, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির এবং গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ডা. ইমরান এইচ সরকারও অভিযোগপত্রে অন্তর্ভুক্ত রয়েছেন।

ঘটনার পটভূমি

২০১৩ সালের ৫ মে রাতে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে কেন্দ্র করে এ মামলা হয়। অভিযোগ অনুযায়ী, রাত ১১টার পর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুলিশ, র‍্যাব ও বিজিবি যৌথ অভিযান চালায়। অভিযানের সময় সাউন্ড গ্রেনেড, গুলি ও লাঠিচার্জে বহু হতাহতের ঘটনা ঘটে।

এই মামলায় প্রসিকিউশনের অভিযোগ আমলে নেওয়ার পাশাপাশি পলাতক ৩৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button