বগুড়ায় ঈদের দিনে পৃথক সংঘর্ষ, ছুরিকাঘাতে আহত ৩

বগুড়ায় রানার প্লাজার সামনে ছুরিকাঘাতে আব্দুল্লাহ আল রোমান (২২) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯ টার সময় ঘটনা ঘটে।
আহত রোমান বেসরকারি বিশ্ববিদ্যালয় ডেফোডিলের ছাত্র ও শহরের খাজা পাড়া এলাকার তবিবর রহমান তবিয়তের ছেলে।
ঘটনার পরে আশপাশে থাকা তার বন্ধুরা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) নিয়ে আসে।

পরে রোমানের অবস্থা বেগতিক হওয়ায় রাত সাড়ে ১১ টায় অ্যাম্বুলেন্স যোগে ঢাকার উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়েছে।
সদর থানা পুলিশ সূত্র জানায়, আহত রোমানকে অজ্ঞাত দৃর্বত্তরা পাঁচটি ছুরিকাঘাত করেছে। তার সবগুলো ছুরিকাঘাত বুকের সামনে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, আমরা একজন যুবকের ছুরিকাঘাতে আহত হওয়ার কথা জেনেছি। দুর্বত্তদের শনাক্তে আমাদের অভিযান চলছে।
অন্যদিকে, ঈদ উপলক্ষে বগুড়ায় প্রীতি ক্রিকেট ম্যাচ খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে ২ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- সিহাব (২৫) এবং মেহেদী (২৩)। শুক্রবার বিকালে সদরের কৈচর এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে কৈচর দক্ষিণপাড়া বনাম পাটিতাপাড়া মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায়ে হাতাহাতি হতে হতে ছুরিকাঘাতে দুজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার ওসি সেলিম রেজা জানান, খেলা নিয়ে ছুরিকাঘাত হয়েছে এমন ঘটনা শুনেছি। কিন্তু থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেন নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



