আইন ও অপরাধ

নিষেধাজ্ঞা অমান্য করে “মা ইলিশ’ ধরায় ৪৭ জেলে আটক

শরীয়তপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার অপরাধে ৪৭ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (৯ অক্টোবর) শরীয়তপুরের জাজিরা, নড়িয়া ও ভেদরগঞ্জ এলাকার পদ্মা নদী পয়েন্টে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

অভিযানে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা, জাজিরা থানা পুলিশ ও র‌্যাব সদস্যরা অংশ নেন।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুজ্জামান ভূঁইয়া জানান, শনিবার (৯ অক্টোবর) ভোররাত থেকে সকাল ৮টা পর্যন্ত জাজিরায় বাবুর চর ও তার আশপাশের পদ্মা নদীর বেশ কিছু এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৩৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ২৫ কেজি ইলিশ মাছসহ ৪৭ জন জেলেকে আটক করা হয়েছে। আটককৃত ৪৭ জনের মধ্যে ৪০ জনকে এক মাস থেকে এক বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৭ জনকে বয়স বিবেচনায় জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ইলিশ মাছ এতিমখানায় বিলি করা হয়েছে। জব্দকৃত ৩৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করে দেয়া হয়েছে। অন্যদিকে গত ৪ অক্টোবর থেকে থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত দেশের অভয়াশ্রমে ইলিশ রক্ষায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ সময় ইলিশ বিক্রি, পরিবহন এবং মজুত নিষিদ্ধ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button