ব্যাঙের ছাতার মতো ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির

দেশের যত্রতত্র ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্যব্যবস্থাকে নষ্ট করে ফেলছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব প্রতিষ্ঠানকে যথাযথ ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বঙ্গভবনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ও সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের নেতৃত্বে সংগঠনটির ২০ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করার লক্ষ্যে চিকিৎসক নেতৃবৃন্দকে সুনির্দিষ্ট ও সুস্পষ্ট পরিকল্পনা এবং প্রস্তাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।
তিনি বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনার কারণে স্বাস্থ্য খাতের যে কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্য ছিল, বাংলাদেশ এখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি। কতজন ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট ও কী পরিমাণ চিকিৎসা সরঞ্জাম প্রয়োজন, পাশাপাশি কী ধরনের অবকাঠামো দরকার-এসব বিষয়ে অতীতে সঠিক ও সার্বিক পরিকল্পনার ঘাটতি ছিল।
রাষ্ট্রপতি বলেন, বর্তমান সরকারের সময়ে জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে এ যাবৎকালের সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে স্বাস্থ্য খাতে একটি সুব্যবস্থা গড়ে তুলতে হবে।
স্বাস্থ্য খাতের উন্নয়নে নতুন চিকিৎসক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে যথাযথ পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে বিগত দিনের তদবির সংস্কৃতি বন্ধ করে যোগ্য ব্যক্তিদের সঠিক পদে পদায়নের ওপর গুরুত্বারোপ করেন।
চিকিৎসকদের গবেষণা কার্যক্রমে আরও শক্তিশালী ভূমিকা রাখারও আহ্বান জানান রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জুলাই গণ-অভ্যুত্থান এবং বিগত শাসনামলের অত্যাচার-নির্যাতনে আহত নেতাকর্মী ও তাঁর নিজের চিকিৎসায় আন্তরিক সাহায্য ও সহযোগিতার জন্য চিকিৎসকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এ সময় দায়িত্ব পালনরত অবস্থায় চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় আশঙ্কা প্রকাশ করেন ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। তিনি বলেন, এসব ঘটনায় চিকিৎসকদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এ ধরনের ঘটনা বন্ধে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।
তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

