জাতীয়

‘বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে, বড় বাধা ছিল বাতাস’

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের আগুন নিয়ন্ত্রণে আনতে সবচেয়ে বড় বাধা ছিল প্রবল বাতাস বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

শনিবার (১৮ অক্টোবর) রাত ১০টায় বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আগুন নেভাতে এসে সবচেয়ে বড় সমস্যা ছিল বাতাস। যেহেতু এটি খোলা জায়গা, প্রচুর বাতাস থাকায় অক্সিজেনের সরবরাহ অব্যাহত ছিল। ফলে আগুন জ্বলতে থেকেছে এবং অনেক ওপর পর্যন্ত ধোঁয়া উঠেছে।”

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে আরও আধা ঘণ্টার মতো সময় লাগতে পারে। বিকেল ২টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এ সময় বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং যানবাহনও আগুন নেভানোর কাজে অংশ নেয়।

“এখন পর্যন্ত ৩৭টি ইউনিট কাজ করেছে। আমাদের জানা মতে, কোনো নিহতের খবর নেই,” বলেন তিনি।

রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে জানিয়ে ডিজি আরও বলেন, “বর্তমানে আমরা নির্বাপণ কাজ করছি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, বাড়ার কোনো সম্ভাবনা নেই।”

তিনি জানান, দুইজন ফায়ার ফাইটার আহত হয়েছেন এবং আনসারের কয়েকজন সদস্যও প্রাথমিকভাবে আহত হয়ে থাকতে পারেন।

কার্গো ভিলেজের আগুনে মূলত আমদানি করা পণ্যের সংরক্ষণস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, “এটি প্রায় ৪০০ গজ বাই ৪০০ গজের একটি এলাকা, যেখানে খোলা ও বদ্ধ উভয় ধরনের স্টোরে বিভিন্ন মালামাল ছিল। সেখানেই আগুন লেগেছে এবং আমরা সেগুলো নেভানোর কাজ করেছি।”

আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, “এটা এখনো নিশ্চিত নয়। আগুন পুরোপুরি নেভানোর পর তদন্তের মাধ্যমে কারণ জানা যাবে।”

ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, “আমরা একদিকে আগুন নেভানোর পাশাপাশি অন্যদিকে জিনিসপত্র বের করে আনতে কাজ করেছি। অনেক মালামাল বের করা সম্ভব হয়েছে, তবে ক্ষতির পরিমাণ এখনই নির্ধারণ করা সম্ভব নয়।”

তথ্যসূত্র: বাংলা নিউজ ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button