জাতীয়

আমদানি করা সব পণ্য পুড়ে গেছে: উপদেষ্টা বশির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন জানিয়েছেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনে আমদানি করা সব পণ্য পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খাতভিত্তিকভাবে নির্ধারণের কাজ চলছে।

রোববার দুপুরে পুড়ে যাওয়া কার্গো ভিলেজ কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “যত ধরনের অভিযোগ এসেছে, সবগুলোই আমলে নেওয়া হয়েছে। এখানে কারও কোনো ব্যত্যয় ছিল কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও জানান, ঘটনার কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করা হয়েছে। “কমিটি আগুনের পূর্ববর্তী ও বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করবে। গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট সব তদন্ত সংস্থাকে একত্র করে ঘটনার রহস্য উদঘাটন করা হবে,” বলেন তিনি।

উপদেষ্টা বলেন, “এখন যেসব পণ্য আসছে, সেগুলো সরবরাহে যেন কোনো জটিলতা না হয়, সেজন্য আগামী সাত দিন ২৪ ঘণ্টা করে কাজ চলবে। ক্ষতিগ্রস্তদের ইন্সুরেন্স কভারেজ ও বিমানবন্দরের নিজস্ব কভারেজ যাচাই করে আমরা সিদ্ধান্ত নেব।”

তিনি আরও জানান, “গতকাল প্রায় ২১টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটে ক্ষতিগ্রস্ত যাত্রীদের সুবিধার্থে আগামী তিন দিনের জন্য অতিরিক্ত ফ্লাইটের সব ধরনের চার্জ মওকুফ করেছে সরকার।”

তথ্যসূত্র: সমকাল

এই বিভাগের অন্য খবর

Back to top button