
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ছয়তলা থেকে পড়ে মোছা. শিরিন (৬৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের ছয়তলা থেকে পড়ে তাঁর মৃত্যু হয়। নিহত শিরিন বগুড়া নগরীর ঝোপগাড়ি এলাকার সুলাইমান হোসেনের স্ত্রী।
স্বজনেরা জানান, গত ১২ অক্টোবর মাথাব্যথা, শরীরব্যথা ও জ্বর নিয়ে শিরিনকে শজিমেক হাসপাতালের মেডিসিন বিভাগের ছয়তলায় ভর্তি করা হয়। এর আগেও তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। এ কারণে তিনি মানসিকভাবেও অসুস্থ ছিলেন।
শনিবার রাতে শিরিনকে হাসপাতালে রেখে তাঁর স্বামী নামাজ আদায় করতে যান। এ সময় হাসপাতালের ছয়তলার উত্তর ব্লকে সিঁড়ির পাশের থাই গ্লাসের জানালা দিয়ে নিচে পড়ে যান শিরিন। পরে তাঁর মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে মনে হচ্ছে।
তথ্যসূত্র: সময় নিউজ



