জাতীয়

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের কোনো বাধা নেই: প্রেস সচিব

বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসায় সরকারের পক্ষ থেকে কোনো বাধা বা আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি জানান, তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত তার নিজের নিয়ন্ত্রণে নয়—এমন মন্তব্যের পর জানতে চাওয়া হয় সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা আছে কি না। জবাবে প্রেস সচিব স্পষ্টভাবে বলেন, সরকার এ বিষয়ে কোনো বাধা বা আপত্তি আরোপ করেনি।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে, ফেসবুক পোস্টে তারেক রহমান জানান, মায়ের অসুস্থতার সময়ে তার পাশে থাকার আকাঙ্ক্ষা থাকলেও রাজনৈতিক বাস্তবতার কারণে দেশে ফেরা শুধুমাত্র তার ব্যক্তিগত সিদ্ধান্তের ওপর নির্ভরশীল নয়। তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতি অনুকূলে আসলে তার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button