জাতীয়
প্রধান খবর

নির্বাচনের আগে ১০ ও ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি, শ্রমিকরা পাবেন টানা ৩ দিনের অবকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ ছাড়া ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য সাধারণ ছুটি থাকবে। ফলে শিল্পাঞ্চলের শ্রমিকরা টানা তিন দিনের ছুটির সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

নির্বাচন ও ছুটি প্রসঙ্গ

প্রেস সচিব বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন সাধারণ ছুটি আগেই ঘোষণা করা হয়েছিল। আজকের কেবিনেট বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং ১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের শ্রমিকদের ছুটির বিষয়টি অনুমোদন দেওয়া হয়েছে।

কেবিনেট বৈঠকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

শফিকুল আলম জানান, বৃহস্পতিবারের সভায় মোট ১৩টি এজেন্ডা নিয়ে আলোচনা হয় এবং একাধিক গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও নীতিমালার খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্যগুলো হলো-

  • বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন (রোহিত আইন) – নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
  • মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ – আলোচনা সম্পন্ন
  • বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন-২০২৬ – নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
  • জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬ – নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
  • তথ্য অধিকার অধ্যাদেশ-২০২৬ – নীতিগত ও চূড়ান্ত অনুমোদন
  • বাংলাদেশ–জাপান ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট – স্বাক্ষরের প্রস্তাবে অনুমোদন
  • জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা-২০২৬ – চূড়ান্ত অনুমোদন
  • ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-২০২৬ – নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

জুয়া প্রতিরোধ অধ্যাদেশে কঠোর শাস্তি

প্রেস সচিব জানান, জুয়া প্রতিরোধ অধ্যাদেশ-২০২৬-এ মোট ১৯ প্রকারের জুয়া সংজ্ঞায়িত করা হয়েছে। অপরাধের ধরন অনুযায়ী ১৫ ধরনের সাজার বিধান রাখা হয়েছে।
এই আইনে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। ম্যাচ ফিক্সিংসহ জুয়া-সংক্রান্ত অপরাধ দমনই এই আইনের মূল উদ্দেশ্য।

তথ্য অধিকার ও শিক্ষা খাতে নতুন সিদ্ধান্ত

তিনি আরও জানান, নতুন তথ্য অধিকার অধ্যাদেশে তথ্যের সংজ্ঞা, প্রতিবেদন তৈরির পদ্ধতি ও তথ্য সংরক্ষণের বিষয়গুলো নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ ছাড়া-

  • বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড-২০২৬
  • বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট-২০২৬

এই দুইটির খসড়াও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

সব মিলিয়ে, নির্বাচন সামনে রেখে ছুটির সিদ্ধান্তের পাশাপাশি আইন ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদক্ষেপ নিল সরকার।

এই বিভাগের অন্য খবর

Back to top button