
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১৪৮ জন এবং নতুন করে এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছেন।
এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় ২৫ হাজার ২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এ সময়ে মোট ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।
তথ্যসূত্র: যমুনা টিভি
