জাতীয়
প্রধান খবর

জবাবদিহি নিশ্চিতসহ যেভাবে কাজ করে ছায়া মন্ত্রিসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবারের মধ্যেই নতুন সরকারের শপথ গ্রহণ হতে পারে বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে। এরই মধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে ‘ছায়া মন্ত্রিসভা’।

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামি নেতা শিশির মনির ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আসিফ মাহমুদের বক্তব্যের পর ছায়া মন্ত্রিসভার কার্যক্রম, গঠনপ্রক্রিয়া ও বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠেছে।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। নির্বাচনের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছায়া মন্ত্রিসভা গঠনের কথা উল্লেখ করে তিনি আলোচনার সূত্রপাত করেন। পরে এনসিপি নেতা আসিফ মাহমুদও একই ধরনের ঘোষণা দেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রিসভা।” তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।

ছায়া মন্ত্রিসভা কী?

ছায়া মন্ত্রিসভা মূলত ওয়েস্টমিনস্টার ধারার সংসদীয় গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই কাঠামোতে বিরোধী দল সরকারের প্রতিটি মন্ত্রণালয়ের বিপরীতে একজন করে ‘ছায়া মন্ত্রী’ মনোনীত করে। এসব ছায়া মন্ত্রী সরকারের নীতি, বাজেট ও কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন এবং সংসদ ও জনপরিসরে সমালোচনা ও বিকল্প প্রস্তাব উপস্থাপন করেন।

বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া-তে ছায়া মন্ত্রিসভা সরকারের কার্যক্রম পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংসদে প্রশ্নোত্তর, বাজেট বিশ্লেষণ ও নীতি বিকল্প উপস্থাপনের মাধ্যমে তারা সরকারের জবাবদিহি নিশ্চিত করে।

বাংলাদেশের প্রেক্ষাপট

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে ছায়া মন্ত্রিসভা গঠনের নজির নেই। সংবিধানেও এর কোনো বাধ্যবাধকতা উল্লেখ করা হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে ছায়া মন্ত্রিসভা একটি কার্যকর মাধ্যম হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করেন, শক্তিশালী ছায়া মন্ত্রিসভা থাকলে সরকারের নীতি ও প্রশাসনিক সিদ্ধান্তে স্বচ্ছতা বাড়ে এবং ক্ষমতার ভারসাম্য রক্ষা হয়। একই সঙ্গে বিরোধী দল ভবিষ্যৎ সরকার পরিচালনার জন্য বাস্তব প্রস্তুতির সুযোগ পায়।

ছায়া মন্ত্রিসভার কাজ ও এখতিয়ার

উন্নত গণতান্ত্রিক দেশগুলোর অভিজ্ঞতা অনুযায়ী ছায়া মন্ত্রিসভার প্রধান কাজগুলো হলো—

১. সরকারের নীতি ও কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করা
২. বিকল্প বাজেট ও নীতি প্রস্তাব উপস্থাপন
৩. প্রশাসনিক কার্যক্রমের নিয়মিত পর্যবেক্ষণ
৪. ভবিষ্যৎ নেতৃত্ব ও শাসনব্যবস্থার জন্য রাজনৈতিক প্রস্তুতি

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশে যদি ছায়া মন্ত্রিসভা কার্যকরভাবে গড়ে ওঠে, তবে তা সংসদীয় গণতন্ত্রে একটি নতুন মাত্রা যোগ করতে পারে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button