৩০০ সচিবকে ইংরেজি শেখাতে থাইল্যান্ড পাঠানোর খবর ‘বিভ্রান্তিকর’: জনপ্রশাসন মন্ত্রণালয়

সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের অনলাইন সংস্করণে প্রকাশিত ‘ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠাবে জনপ্রশাসন মন্ত্রণালয়’ শীর্ষক সংবাদটি অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই সংবাদটি প্রত্যাখ্যান করে প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট প্রশিক্ষণ কর্মসূচি সচিবদের জন্য নয়। এটি সরকারের মধ্যম পর্যায়ের কর্মকর্তাদের আন্তর্জাতিক মানের সক্ষমতা ও কূটনৈতিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া একটি পরিকল্পিত উদ্যোগ। ‘স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি অব বিয়াম ফর কনডাকটিং কোর কোর্সেস’ শীর্ষক প্রকল্পের আওতায় মূলত তিনটি কোর্স পরিচালনার পরিকল্পনা রয়েছে।
কোর্সগুলো হলো-গভর্ন্যান্স, ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট (জিএফএমপিপি), নেগোসিয়েশন স্কিলস অ্যান্ড ইংলিশ প্রফিসিয়েন্সি (এনএসইপি) এবং পলিসি ফরম্যুলেশন: ই-গভর্ন্যান্স অ্যান্ড আইসিটি (পিএফ:ইজিআইসিটি)।
মন্ত্রণালয় আরও জানায়, এই প্রশিক্ষণ কর্মসূচি জাপান সরকারের ডিআরজিএসিএফ ফান্ডের অর্থায়নে পরিচালিত হবে। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। ফলে দেশের কোষাগারের টাকা ব্যয় হওয়ার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
সংবাদে প্রশিক্ষণের স্থান হিসেবে ‘পাতায়া’ উল্লেখ করা হলেও মন্ত্রণালয় জানিয়েছে, বিষয়টি সঠিক নয়। ব্যয় সংকোচনের লক্ষ্যে ইউরোপের পরিবর্তে এশিয়ার কোনো দেশ-যেমন থাইল্যান্ড বা মালয়েশিয়ার কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে এই প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাতায়ার নাম ব্যবহার করে বিষয়টিকে ‘পর্যটনকেন্দ্রিক’ হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।
এছাড়া মন্ত্রণালয় জানায়, প্রস্তাবটি এখনও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদনের জন্য পাঠানো হয়নি। অর্থাৎ এটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং প্রক্রিয়াধীন একটি বিষয়।
সম্যক ধারণা ব্যতীত জনপ্রশাসন সংক্রান্ত এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিয়াম ফাউন্ডেশনের মতো স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর ও অনাকাঙ্ক্ষিত বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সূত্র: যমুনা নিউজ



