জাতীয়
প্রধান খবর

সংসদে গাড়ির দাবি হাসনাত আব্দুল্লাহর, জবাবে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদ সদস্য হিসেবে উপজেলায় বসার জন্য অফিস পাওয়ার পর এবার যাতায়াতের সুবিধার জন্য সরকারের কাছে গাড়ির দাবি জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে অংশ নিয়ে তিনি এ দাবি উত্থাপন করেন।

উপজেলায় অফিস বরাদ্দ দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দিতে উঠে তিনি বলেন, প্রতিটি উপজেলায় ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানের জন্য সরকারি গাড়ি থাকলেও সংসদ সদস্যদের জন্য এমন কোনো ব্যবস্থা নেই।

তিনি আরও বলেন, অনেক সময় ভাড়ায় গাড়ি চালিয়ে নির্বাচনি এলাকায় যাতায়াত করতে হয়, যা লোকলজ্জার কারণে কাউকে বলাও যায় না।

মানুষের কাছাকাছি পৌঁছানোর সুযোগ আরও সহজ করতে সরকারের কাছে একটি গাড়ির সুব্যবস্থা করার অনুরোধ জানান তিনি।

হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের পর স্পিকারের অনুমতিতে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই সংসদ সদস্যদের জন্য আলাদা বিলাসিতা বা অতিরিক্ত সুযোগ-সুবিধা না নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও বলেন, বিদ্যমান আইন সংশোধন করে সংসদ সদস্যদের জন্য ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধাও বাতিলের পরিকল্পনা রয়েছে। বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় জ্বালানি তেলের বরাদ্দ ৩০ শতাংশ কমানোসহ সরকারি কর্মকর্তাদের ঋণ সুবিধাও সীমিত করা হয়েছে।

তবে সংসদ সদস্যের দাবির বিষয়ে সরকারি ও বিরোধীদলের সঙ্গে আলোচনা করে কোনো সমাধান বের করা যায় কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এরপর বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান আলোচনায় অংশ নিয়ে হাসনাত আব্দুল্লাহর দাবিকে বিবেচনায় নেওয়ার জন্য ট্রেজারি বেঞ্চকে ধন্যবাদ জানান।

রসিকতার সুরে তিনি বলেন, ছোটদের আবদারে সব সময় ‘না’ বলতে নেই। হাসনাত আব্দুল্লাহর মতো তরুণ সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে দ্রুত নেতিবাচক উত্তর না দিয়ে বিবেচনার আশ্বাস দিলে তিনি আরও খুশি হতেন।

তিনি আরও বলেন, এমন বড় কোনো ইতিবাচক খবরের আশায় তিনি মিষ্টি খাওয়ানোর প্রস্তুতি নিলেও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে কিছুটা হোঁচট খেয়েছেন। এ সময় সংসদে হাস্যরসের সৃষ্টি হয়।

আলোচনার শেষ দিকে স্পিকার আবারও স্মরণ করিয়ে দেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যের শেষ অংশে বিষয়টি বিবেচনার কথা উল্লেখ করেছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ জানুয়ারি দেবিদ্বার-এ এক নির্বাচনি উঠান বৈঠকে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, সরকারে যেতে পারলে এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা বাতিল করা হবে এবং তিনি নিজেও এ সুবিধা নেবেন না।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button