আগামী ১২ মে (মঙ্গলবার) থেকে পবিত্র ঈদুল আজহা পর্যন্ত দেশের শপিংমল ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। বৃহস্পতিবার (৭ মে) এক ভিডিওবার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।
ভিডিওবার্তায় তিনি জানান, ঈদ উপলক্ষে দোকান মালিক সমিতির পক্ষ থেকে সরকারের কাছে রাত ১১টা পর্যন্ত শপিংমল ও দোকানপাট খোলা রাখার আবেদন করা হয়েছিল। তবে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দিয়েছে।
তিনি আরও বলেন, অতিরিক্ত আলোকসজ্জা বা বিদ্যুতের অপচয় না করার নির্দেশনাও দিয়েছে সরকার।
এর আগে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে গত ৬ এপ্রিল সন্ধ্যা ৭টার মধ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান বন্ধের নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।
সেদিন মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে দেশের সব জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, গত ৪ এপ্রিল বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে তারেক রহমানের বৈঠকে ব্যবসায়ীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান ও শপিংমল খোলা রাখার বিষয়ে সম্মতি দেওয়া হয়েছিল। একই সময়সীমা মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়।
এ ছাড়া বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনাও দেওয়া হয়েছিল বলে চিঠিতে উল্লেখ করা হয়।
তথ্যসূত্র: চ্যানেল ২৪



