
সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ১১ বছর পর নতুন বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের ঘোষণা আসছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তব্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে যাচ্ছেন বলে জানা গেছে।
তবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা থাকলেও আগামী অর্থবছরের বাজেটে বেতন-ভাতা খাতে অতিরিক্ত কোনো বরাদ্দ রাখা হয়নি। প্রস্তাবিত বাজেটে এ খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে বেতন-ভাতা খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকা নির্ধারণ করা হয়।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের শুরু থেকেই নতুন বেতন কাঠামো আংশিকভাবে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে সরকারের। প্রাথমিকভাবে মূল বেতন বৃদ্ধির একটি অংশ কার্যকর করা হতে পারে। এ জন্য প্রয়োজনীয় অর্থ বিভিন্ন খাতে সংরক্ষিত থোক বরাদ্দ এবং অপ্রত্যাশিত ব্যয় খাত থেকে ব্যয় করা হবে।
এ উদ্দেশ্যে সরকারের বিভিন্ন খাতে প্রায় ৩৭ হাজার কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে সৃষ্ট অতিরিক্ত আর্থিক চাপ মোকাবিলায় এই অর্থ ব্যবহার করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, সর্বশেষ সরকারি পে-স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। এর পর দীর্ঘ এক দশকেরও বেশি সময় পার হলেও নতুন বেতন কাঠামো ঘোষণা করা হয়নি। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশার পরিপ্রেক্ষিতে নতুন পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: যমুনা টিভি