জাতীয়
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪৫৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৫৮ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকায় ১৭২ জন, বরিশাল বিভাগে ৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, খুলনা বিভাগে ৪৮ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে কোনো নতুন রোগী ভর্তি হননি।

এ সময়ে ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের মধ্যে একজন ঢাকা বিভাগে, একজন খুলনা বিভাগে এবং একজন বরিশাল বিভাগে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ১১৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৫১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৮৬৯ জন ভর্তি আছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ জুলাই পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ হাজার ৯৩৭ জন। একই সময়ে ডেঙ্গুতে মোট ৪৩ জনের মৃত্যু হয়েছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button