
ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে ৬৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, নতুন ৬৯৩ জনসহ চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২৪৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগতভাবে সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: যমুনা টিভি


