জাতীয়
প্রধান খবর

সেপ্টেম্বরে রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী সেপ্টেম্বরেই জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে শেষ হলে কয়েক মাসের মধ্যেই কেন্দ্রটির প্রথম ইউনিট পূর্ণমাত্রায় উৎপাদনে যেতে পারে।

ইতোমধ্যে প্রথম ইউনিটের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি প্রবেশ করানো হয়েছে। শতাধিক পরীক্ষা দুই ধাপে সম্পন্ন হয়েছে এবং বাকি পরীক্ষাগুলোও পর্যায়ক্রমে চলছে। প্রতিটি ধাপ যাচাই-বাছাইয়ের পর অনুমোদন দিচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

কেন্দ্রটি চালু হলে একবার জ্বালানি লোড করে প্রায় ১৮ মাস নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। তবে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহের আগে জাতীয় গ্রিডের সক্ষমতা আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ও সরবরাহব্যবস্থা অত্যন্ত স্থিতিশীল গ্রিডের ওপর নির্ভরশীল। তাই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে বাঘাবাড়ী, বগুড়া ও গোপালগঞ্জের বিভিন্ন উচ্চক্ষমতার সঞ্চালন অবকাঠামো প্রস্তুত করা হচ্ছে।

তবে রূপপুরের বিদ্যুতের চূড়ান্ত মূল্য এখনো নির্ধারিত হয়নি। প্রকল্পের শুরুতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩–৪ টাকা বলা হলেও প্রকল্প ব্যয় বৃদ্ধির কারণে সেই হিসাব পরিবর্তিত হতে পারে।

দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে সংকট ও লোডশেডিংয়ের মধ্যে রূপপুর থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়াকে তাই বিদ্যুৎ পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button