
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ২২৮ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া সিলেট বিভাগে আরও একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট ৯৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৩৪ জন এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১৩১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ১ হাজার ৯৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে একদিনে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ২২৮ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৪৯ হাজার ৫০৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৪০৪ জনের।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩০ হাজার ৬০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৯৭৫ জন।
তথ্যসূত্র: চ্যানেল ২৪


