
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুরে পুলিশের অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সাগর ও রাজু নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রহমাননগর এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কের সার্ভিস লেন থেকে তাদের গ্রেফতার করা হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইন জানান, এসআই মোঃ কামরুল হাসানসহ আরও পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রহমান নগর গ্রামের গ্রামীণ ব্যাংকের উত্তর পাশে মোঃ রুস্তম আলীর বাড়ির সামনে বগুড়া-ঢাকাগামী মহাসড়কের সার্ভিস লেনে সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার বনমরিচা মৃত শাহজাহানের ছেলে মোঃ সাইফুল ইসলাম সাগর (২৬) এবং একই গ্রামের মোঃ আইয়ুব আলীর ছেলে মোঃ রাজু আহম্মেদ (২১) ।
পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করে গ্রেফতারকৃত দুজনের বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।



