
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৮ জন। এর মধ্যে ৭৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যু ও আক্রান্তের তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৫১ শিশুর। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৯৫০ শিশুর মৃত্যু হয়েছে।
এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬। এর মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৬৫১।
এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, হাম পরিস্থিতিতে প্রতিদিনই নতুন রোগী শনাক্তের পাশাপাশি মৃত্যুর ঘটনাও অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: যমুনা টিভি

