জাতীয়
প্রধান খবর

২০৩০ সালের মধ্যে ‘এক গ্রেড এক পেনশন’ বাস্তবায়নের সিদ্ধান্ত সরকারের

সামরিক ও অসামরিক কর্মচারীদের জন্য ‘এক গ্রেড এক পেনশন’ বা ওয়ান র‌্যাংক ওয়ান পেনশন (ওআরওপি) পদ্ধতি ২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদনের সময় এ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার ‘এক গ্রেড এক পেনশন’ বা ওআরওপি পদ্ধতি চালুর প্রতিশ্রুতিবদ্ধ। সামরিক ও অসামরিক-সব ক্ষেত্রেই একইসঙ্গে এ পদ্ধতি বাস্তবায়ন করা প্রয়োজন।

তবে বর্তমানে ওআরওপি পদ্ধতি বাস্তবায়ন করতে গেলে বিপুল আর্থিক সংশ্লেষের প্রয়োজন হবে। পাশাপাশি অসামরিক কর্মচারীদের ক্ষেত্রে ২০১৯ সালের আগে অবসর নেওয়া ব্যক্তিদের তথ্য না থাকার বিষয়টিও রয়েছে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে সরকার পর্যায়ক্রমে ২০৩০ সালের মধ্যে ওআরওপি পদ্ধতি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে ওআরওপি বাস্তবায়নের আগ পর্যন্ত বিকল্প ব্যবস্থা হিসেবে অবসরভোগী পেনশনধারীদের জীবনযাত্রার মান ও বৃদ্ধ বয়সের আর্থিক নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে স্ল্যাবভিত্তিক নিট পেনশনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, মাসিক ৯ হাজার টাকা বা তার কম নিট পেনশন পাওয়া ব্যক্তিদের নিট পেনশন ১০০ শতাংশ বাড়বে।

৯ হাজার ১ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়বে ৭৫ শতাংশ।

২০ হাজার ১ টাকা থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের ক্ষেত্রে বৃদ্ধি হবে ৬৫ শতাংশ।

৩০ হাজার ১ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নিট পেনশন পাওয়া ব্যক্তিদের পেনশন বাড়বে ৬০ শতাংশ।

আর ৪০ হাজার ১ টাকা বা তার বেশি নিট পেনশন পাওয়া ব্যক্তিদের নিট পেনশন বাড়বে ৫৫ শতাংশ।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম নিট পেনশন পাওয়া পেনশনভোগীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন।

পেনশনভোগীদের ক্ষেত্রেও ধাপভিত্তিক নিট পেনশন বৃদ্ধি কার্যকর হবে।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

এই বিভাগের অন্য খবর

Back to top button