
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে দেশে হাম ও ডেঙ্গু পরিস্থিতির উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৭২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৮০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে আরও ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৯ জনে।
এ সময়ের মধ্যে দেশে মোট ১৯ হাজার ৩৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ১৫০ জনে।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫১৯ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৫৮ জন।
অন্যদিকে, এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ১৭০ জনে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৫৭৮ জন। এছাড়া বরিশাল বিভাগে ১২১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, খুলনা বিভাগে ২৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮৭ জন, রাজশাহী বিভাগে ১১৪ জন, সিলেট বিভাগে ৫ জন এবং রংপুর বিভাগে ৩৪ জন রোগী ভর্তি হয়েছেন।


