
দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪ জন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯৬৪ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট হাম উপসর্গের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জন।
একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৮০ জন। গত ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫২৭ জন।
এদিকে, গত ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ সময়ে হাম উপসর্গে মোট ৮৮৭ জন শিশুর মৃত্যু হয়েছে।
তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯৯ জন।
স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে হাম উপসর্গ ও নিশ্চিত হাম-দুই ধরনের রোগীর সংখ্যাই উল্লেখযোগ্যভাবে বাড়ছে। এর মধ্যে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ও মৃত্যুর পরিসংখ্যান পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।
তথ্যসূত্র: যমুনা টিভি



