
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯৪ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কুমিল্লা, মৌলভীবাজার ও খুলনা জেলায় হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন।
একই সময়ে সারাদেশে ৫৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৯৬ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৪৪ হাজার ১৬৮ জন ভর্তি হয়েছেন।
তথ্যসূত্র: ডেইলি স্টার
