জাতীয়
প্রধান খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ ও হামের উপসর্গে ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জন এবং হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৭৩৩ জন এবং সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩২ জন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৯১ জন, চট্টগ্রাম বিভাগে ১৯১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭০ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৩ জন রয়েছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, ময়মনসিংহ বিভাগে ১১০ জন, রাজশাহী বিভাগে ১৪৫ জন, রংপুর বিভাগে ৮৬ জন এবং সিলেট বিভাগে ৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১৫৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৫৩ হাজার ৫৭০ জন।

অন্যদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৩২ জন।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ৪ জন রয়েছেন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩০ জন মারা গেছেন। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩০ জন মারা গেছেন।

এর আগে, রোববার একদিনে হামের উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ৯৬৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হন।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button