
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনটি নতুন মেট্রোরেল প্রকল্পসহ মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭৭ হাজার কোটি টাকা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
অনুমোদন পাওয়া মেট্রোরেল প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর), এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর-ভাটারা) এবং এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি)।
জানা গেছে, এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়ন করছে। অন্যদিকে, এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়ন রয়েছে।
এছাড়া একনেক সভায় নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৮২২ কোটি টাকা।
সভায় অনুমোদিত ১২টি প্রকল্পের মধ্যে মেট্রোরেল ও বৈদ্যুতিক ট্রেনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প রয়েছে।
তথ্যসূত্র: যমুনা টিভি

