জাতীয়
প্রধান খবর

সৌদি কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশি হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বিজয়ী হাফেজ ও তাদের অভিভাবকদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিজয়ী হাফেজ ও তাদের অভিভাবকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের সন্তানরা নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যা কিছু ভালো অর্জন করবে, সরকার রাষ্ট্রের অবস্থান থেকে সবসময় সেই অর্জনের সঠিক মূল্যায়ন ও স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে।

বাংলাদেশি তরুণদের এই সাফল্যকে পুরো জাতির গৌরব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিজয়ী হাফেজদের এই সাফল্য বাংলাদেশের সব মুসলমানের অর্জনের প্রতীক। মেধাবীদের সঠিকভাবে উৎসাহ ও মূল্যায়ন করা সম্ভব হলে এর সুফল ভবিষ্যৎ প্রজন্ম এবং সমগ্র দেশ পাবে। দেশ ও দেশের মানুষ এর মাধ্যমে নানাভাবে উপকৃত হবে।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত পুরস্কার বিজয়ী হাফেজদের নিজ নিজ মাদ্রাসার শিক্ষকরা তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

প্রধানমন্ত্রী ধৈর্যসহকারে তাদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

উল্লেখ্য, গত আগস্ট মাসে সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে বাংলাদেশের একাধিক হাফেজ বিভিন্ন ক্যাটাগরিতে গৌরবজনক স্থান অর্জন করেন।

তথ্যসূত্র: একাত্তর টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button