জাতীয়
প্রধান খবর

নতুন পে-স্কেল: কোন গ্রেডে কত বাড়লো বেতন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকার। নতুন এই বেতনকাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর ধরা হয়েছে। এর আওতায় প্রথম থেকে দশম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ এবং ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়বে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে অভিহিত এই প্রজ্ঞাপনে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

নতুন এই বেতনকাঠামো বাস্তবায়নের ফলে প্রায় ২৪ লাখ কর্মরত সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৯ লাখ ২৫ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার সুবিধা পাবেন। এর জন্য সরকারের আনুমানিক অতিরিক্ত বার্ষিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় হবে।

বাস্তবায়ন হবে তিন ধাপে

প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতনকাঠামোর মূল বেতন মোট তিন ধাপে বাস্তবায়ন করা হবে।

প্রথম ধাপ: ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৪০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ হারে অর্থ পাবেন। এই অর্থ ৩০ জুনে আহরিত বেতনের সঙ্গে যুক্ত হবে।

দ্বিতীয় ধাপ: ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বাড়তি মূল বেতনের ৭০ শতাংশ এবং দশম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৭৫ শতাংশ হারে পাবেন।

তৃতীয় ধাপ: ২০২৭ সালের ১ জুলাই থেকে মূল বেতন বৃদ্ধির শতভাগ পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে। নতুন বেতনকাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হওয়ায় কর্মকর্তা-কর্মচারীরা ওই তারিখ থেকে প্রাপ্য বকেয়া বেতনও পাবেন।

এ ছাড়া ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে নতুন বেতনকাঠামোর অন্যান্য সব ভাতা ও সুযোগ-সুবিধা দেওয়া শুরু হবে। পেনশন সুবিধাভোগীরাও একইভাবে এই কাঠামোর আওতায় সব সুবিধা পাবেন।

গ্রেডভিত্তিক নতুন মূল বেতন

গ্রেডআগের মূল বেতননতুন মূল বেতন
১ম৭৮,০০০১,৫৬,০০০
২য়৬৬,০০০১,৩২,০০০
৩য়৫৬,৫০০১,১৩,০০০
৪র্থ৫০,০০০১,০০,০০০
৫ম৪৩,০০০৮৬,০০০
৬ষ্ঠ৩৫,৫০০৭১,০০০
৭ম২৯,০০০৫৮,০০০
৮ম২৩,০০০৪৬,০০০
৯ম২২,০০০৪৪,০০০
১০ম১৬,০০০৩২,০০০
১১তম১২,৫০০২৫,০০০
১২তম১১,৩০০২৪,৩০০
১৩তম১১,০০০২৪,০০০
১৪তম১০,২০০২৩,৫০০
১৫তম৯,৭০০২২,৮০০
১৬তম৯,৩০০২১,৯০০
১৭তম৯,০০০২১,৪০০
১৮তম৮,৮০০২১,০০০
১৯তম৮,৫০০২০,৫০০
২০তম৮,২৫০২০,০০০

সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন

নতুন পে-স্কেলেও আগের মতো ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ২০তম বা সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে, যা ১৪২ শতাংশ বৃদ্ধি।

অন্যদিকে, প্রথম বা সর্বোচ্চ গ্রেডের মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। অর্থাৎ এ গ্রেডে মূল বেতন বেড়েছে ১০০ শতাংশ।

নবম গ্রেডে প্রবেশকারী বিসিএস কর্মকর্তাদের মূল বেতন ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৪ হাজার টাকা হচ্ছে। নতুন কাঠামোতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত কমে দাঁড়িয়েছে ১:১.৭৮, যা আগের পে-স্কেলে ছিল ১:১.৯৪৫।

প্রজ্ঞাপনে বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) সন্তান রয়েছে-এমন কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা করে ভাতা দেওয়ার বিধান রাখা হয়েছে। পাশাপাশি মূল বেতন বৃদ্ধির আনুপাতিক হারে বিভিন্ন ধরনের ভাতাও বৃদ্ধি পাবে।

তথ্যসূত্র: একাত্তর টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button