
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানিবাহী বিশেষ কার্গো ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে কার্গোটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।
ঢাকায় পৌঁছানোর পর শনিবার কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিশেষ ব্যবস্থায় এই জ্বালানি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হবে।
এদিকে বিদ্যুৎকেন্দ্রের সেফটি ভাল্বের ত্রুটি দূর করা হয়েছে এবং সেটি এখন কাজ করছে বলে জানিয়েছেন মন্ত্রী। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষে শিগগিরই কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন শুরু করা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এর আগে গতকাল বৃহস্পতিবার জ্বালানিটি দেশে আসার কথা ছিল। রাশিয়া ও বাংলাদেশ এ বিষয়ে সব প্রস্তুতি সম্পন্ন করলেও পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় নির্ধারিত ফ্লাইটটি বাতিল করতে হয়।
তথ্যসূত্র: যমুনা টিভি

