
সেনাবাহিনীর কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেওয়া হচ্ছে ইউরেনিয়ামের বিশেষ চালান। শনিবার (৩ অক্টোবর) সকাল সোয়া ৭টায় জ্বালানিবাহী তিনটি লরি রূপপুরের উদ্দেশে রওনা হয়েছে।
সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), ডগ স্কোয়াড ও এপিবিএনের সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর বহর চালানটি নিয়ে যাত্রা শুরু করে। তিনটি লরিতে ইউরেনিয়াম এবং আরেকটি লরিতে অন্যান্য সরঞ্জাম নেওয়া হচ্ছে। বহরের সঙ্গে রয়েছেন রাশিয়া থেকে আসা বিশেষজ্ঞ দলের সদস্যরাও।
বহর চলাচলের পথে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে কয়েকটি স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এর আগে শুক্রবার রাতে বিতর্ক ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়ামবাহী বিমান ঢাকায় পৌঁছায়। চালানটি বুঝে নেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কর্মকর্তারা।
আগামী নভেম্বর-ডিসেম্বরের মধ্যে আরও নয়টি ফ্লাইটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামের চালান দেশে আসার কথা রয়েছে।
তথ্যসূত্র: যমুনা টিভি


