
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৩৩১ জনে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন ডেঙ্গু রোগী।
নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৯৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৪৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৭ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৩৮ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১০০ জন, রাজশাহী বিভাগে ২৩০ জন, রংপুর বিভাগে ৭০ জন এবং সিলেট বিভাগে ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ২৫৯ জনে। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩১ জন।
তথ্যসূত্র: যমুনা টিভি


